০২ নভেম্বর, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘন ঘন লোডশেডিংয়ের বিকল্প সমাধান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সৌর প্যানেল স্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের হাতে এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, গবেষণা এবং আবাসিক হলে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় শিক্ষা ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে ক্যাম্পাসের সব প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ আবাসিক হলগুলোতে সৌর প্যানেল স্থাপন করা এখন সময়ের দাবি।
নেতারা আরো বলেন, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা ও খরচ কমার পাশাপাশি লোডশেডিং হ্রাস এবং পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখতে পারবে বলে স্মারকলিপিতে জানানো হয়।