০২ নভেম্বর, ২০২৬
ডিজনি অ্যানিমেশনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জুটোপিয়া’র বিশ্বজুড়ে রয়েছে আলাদা কদর। বিশাল আকৃতির জিরাফ থেকে শুরু করে ছোট ইঁদুর—সব প্রাণীর উপযোগী এই শহরের পরিকাঠামো বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে।
আর এবার এই কাল্পনিক জগতের পরিধি আরো বাড়াতে চলেছে ডিজনি। নির্মাণাধীন ‘জুটোপিয়া ৩’ সিনেমাটিতে শহরের সীমানা ছাড়িয়ে নতুন এক জগত উন্মোচনের আভাস দিয়েছেন এর নির্মাতারা।
সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবে ডিজনি অ্যানিমেশনের চিফ ক্রিয়েটিভ অফিসার জ্যারেড বুশ ‘জুটোপিয়া’ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, এই সিরিজের পরবর্তী সিনেমাতেও মূল আকর্ষণ হিসেবে থাকছেন গোয়েন্দা জুডি হপস ও নিক ওয়াইল্ড।
তবে সবচেয়ে বড় চমক হলো, এই প্রথমবার জুডি ও নিক জুটোপিয়া শহরের নির্ধারিত সীমানার বাইরে পা রাখবে এবং প্রথমবারের মতো এই প্রাণীজগতে যুক্ত হতে চলেছে পাখিরা।
নির্মাতারা জানিয়েছেন, জুটোপিয়ার এই বিশাল জগত নিয়ে তাদের পরিকল্পনা দীর্ঘদিনের। প্রথম সিনেমা মুক্তির সময়ই তারা সরীসৃপ কিংবা পাখি বা অন্যান্য প্রাণী নিয়ে গল্প বলার পরিকল্পনা করেছিলেন। তবে নিখুঁতভাবে কাজটি ফুটিয়ে তুলতে বেশ কিছুটা সময় প্রয়োজন।
ইতিমধ্যে ‘জুটোপিয়া ৩’ নিয়ে কাজ শুরু হলেও এটি কবে মুক্তি পাবে, তা নির্ভর করছে সিনেমার কাজের অগ্রগতি এবং সার্বিক পরিস্থিতির ওপর।