☰
✕

দেহঘড়ির গরমিলে পথ ভুলে যায় সামুদ্রিক পাখি

০৩ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্যের পশ্চিম উপকূলের ম্যানক্স শিয়ারওয়াটার নামের সামুদ্রিক পাখি স্থানীয় সময়ের সঙ্গে দেহঘড়ির অমিল হলে পথ থেকে সরে যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। অভিজ্ঞ পাখিরা উড়তে উড়তেই ভুল শুধরে নিলেও অনভিজ্ঞ পাখি কয়েক শ কিলোমিটার পথ হারাতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা।

অক্সফোর্ডের প্রাণীর আচরণ ও ইন্দ্রিয়বিষয়ক গবেষক ড. প্যাট্রিক লুইন এবং তার সহকর্মীরা ২০ বছরের জিপিএস তথ্য বিশ্লেষণ করেছেন। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণায় আটলান্টিক মহাসাগরে খাবারের সন্ধান শেষে পাখিদের নিজস্ব আবাসে ফেরার পথ পর্যবেক্ষণ করা হয়।

গবেষকেরা দেখেছেন, পূর্ব দিকে দ্রুত উড়ে ফেরার সময় পাখিদের দেহঘড়ি স্থানীয় সময়ের তুলনায় প্রায় এক ঘণ্টা পর্যন্ত পিছিয়ে পড়ে। শরীরের অভ্যন্তরীণ সময়সূচির সঙ্গে স্থানীয় সময়ের এই অমিল মানুষের ‘জেট ল্যাগ’-এর মতো সমস্যা তৈরি করে।

শিয়ারওয়াটার সূর্যকে দিক নির্ণয়ের নির্দেশক হিসেবে ব্যবহার করে। দিনের সময় অনুযায়ী আকাশে সূর্যের অবস্থান বদলায়। তাই সঠিক পথে যেতে পাখিকে দেহঘড়ির সাহায্যে সময়ের হিসাব রাখতে হয়। সূর্যোদয় ও সূর্যাস্ত সেই ঘড়িকে স্থানীয় সময়ের সঙ্গে মিলিয়ে নিতে সহায়তা করে।

দেহঘড়ি পিছিয়ে পড়লে সূর্য প্রত্যাশিত অবস্থানের চেয়ে এগিয়ে থাকে। এতে দিক নির্ণয়ে ভুল হয়। উপকূল ধরে ওড়ার সময়ও এই ভুল দেখা গেছে, যদিও সেখানে পরিচিত স্থলচিহ্ন দেখে পথ চেনার সুযোগ ছিল।

প্রাপ্তবয়স্ক পাখিরা সর্বোচ্চ প্রায় ১৫ ডিগ্রি পথ থেকে সরে যায়। পরে ভুল শুধরে নেওয়ায় এক হাজার কিলোমিটারের যাত্রায় বাড়তি প্রায় পাঁচ কিলোমিটার যোগ হয়। তবে অনভিজ্ঞ পাখির পথ হারালে আবার দিক খুঁজে নেওয়ার দক্ষতা কম।

গবেষণায় যুক্ত ছিলেন না এমন বিশেষজ্ঞ, ব্যাঙ্গর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড হল্যান্ড ফলাফলটিকে গুরুত্বপূর্ণ বলেছেন। তবে ভুলগুলোর চূড়ান্ত প্রভাব গবেষণা থেকে স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। শিয়ারওয়াটার জীবনের অধিকাংশ সময় সমুদ্রে কাটায়। প্রজননের জন্য প্রতিবছর যুক্তরাজ্যের পশ্চিম উপকূলের দ্বীপগুলোয় ফিরে গর্তে বাসা বাঁধে।