০৩ নভেম্বর, ২০২৬
ইয়েমেনের লাহিজ প্রদেশে একটি স্বাস্থ্যকেন্দ্রে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় চিকিৎসাকর্মীসহ ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ইয়েমেনের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব উদ্ধৃত করে সোমবার দেশটির সশস্ত্র বাহিনী এই তথ্য জানিয়েছে। একই সময়ে হুতিদের লক্ষ্যবস্তুতে ৯৫১টি পাল্টা হামলা চালিয়ে ৩৩০ জনের বেশি কমান্ডার ও যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।
সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি আল-মুদারিবাহ জেলার আল-সাকিয়াহ স্বাস্থ্যকেন্দ্রে আঘাত হানে। আন্তর্জাতিক মানবিক আইনের অধীন চিকিৎসাকেন্দ্র ও কর্মীরা বিশেষ সুরক্ষা পেলেও হুতিরা পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই হুমকির মোকাবিলায় হুতিদের ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংস করতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হুতিদের আস্তানা, সামরিক যান ও সরবরাহ লাইন লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। ‘ডন অব ইয়েমেন’ বা ইয়েমেনের ভোর নামক এই অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, রকেট লঞ্চার ও আর্টিলারি ব্যবহার করা হয়েছে। সামরিক বাহিনীর দাবি, উত্তর ও দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন ফ্রন্টে চালানো এসব হামলায় ৩৩০ জনের বেশি হুতি সদস্য নিহত হওয়ার পাশাপাশি ৫৬টি সামরিক যান ধ্বংস বা বিকল হয়েছে।
এ ছাড়া তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও পপুলার রেজিস্ট্যান্স হুতিদের একাধিক হামলা প্রতিহত করেছে। অন্যদিকে, আল-জাওফ প্রদেশে পুনরুদ্ধার করা এলাকাগুলো থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাইন ও বিস্ফোরক অপসারণের কাজ করছে সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিট। বেসামরিক নাগরিকদের রক্ষায় সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলেও এক বিবৃতিতে জানানো হয়েছে।