☰
✕

শেয়ারবাজারে বিনিয়োগ করে মুনাফায় জিকিউ বলপেন

০৩ নভেম্বর, ২০২৬

বড় ধরনের লোকসান কাটিয়ে চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রথম প্রান্তিকে কিছুটা মুনাফা করেছে জিকিউ বলপেন। শেয়ারবাজারে বিনিয়োগ, স্থায়ী আমানতের সুদ এবং ভবন ভাড়া থেকে আয়ের মাধ্যমে এই মুনাফা করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫১ পয়সা। চলতি প্রথম প্রান্তিকে মুনাফায় ফিরলেও আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন নগদ অর্থপ্রবাহে অবনতি হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কোম্পানিটির উল্লেখযোগ্যহারে পরিচালন লোকসান হয়েছে। বিশেষ করে কাঁচামাল ও উৎপাদনের অন্যান্য উপকরণের ব্যয় বেশ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪২ টাকা ৭ পয়সা। গত ৩০ জুন এনএভিপিএস ছিল ১৪৩ টাকা ৬০ পয়সা। তিন মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে ১ টাকা ৫৩ পয়সা।