☰
✕

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি

০৩ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। অনন্ত মহাদেবনের সিনেমা ‘ফুলের সেন্সর ছাড়পত্র নিয়ে বিতর্কের প্রতিবাদ জানাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাহ্মণ সম্প্রদায়কে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় পরিচালকের বিরুদ্ধে একাধিক মামলা হয়। তবে আদালতের একাধিক সমন পেয়েও হাজির না হওয়ায় এবার তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন ভারতের সুরাট আদালত

জ্যোতিরাও ফুলের জীবনী অবলম্বনে নির্মিত ‘ফুলে’ সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। ট্রেলারে ব্রাহ্মণ সম্প্রদায়কে খাটো করে দেখানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানায় ব্রাহ্মণ সমাজ।

এর পরিপ্রেক্ষিতে সিনেমাটির কয়েকটি দৃশ্যে সেন্সর বোর্ডের আপত্তি ও কাটছাঁটের সিদ্ধান্ত আসে। অনন্ত মহাদেবনের চলচ্চিত্রের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন অনুরাগ

এ সময় এক নেটিজেনের পাল্টা আক্রমণের জবাবে তিনি লেখেন, ‘ব্রাহ্মণদের উপরে আমি মূত্রত্যাগ করি… সমস্যা আছে?’ পরিচালকের এমন মন্তব্য ঘিরে মুহূর্তেই তীব্র সমালোচনা শুরু হয়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।

অনুরাগের মন্তব্যের পর তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা কমলেশ রাভাল। সুরাটের আদালতে ভারতীয় ন্যায়সংহিতার ১৯৬ ধারা (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো), ৩৫২ ধারা (শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) এবং ৩৫৩(২) ধারায় (মিথ্যা তথ্য প্রচার) মামলা দায়ের করা হয়।

অভিযোগকারীর দাবি, একজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতার এমন মন্তব্য বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর মধ্যে শত্রুতা ও ঘৃণা ছড়িয়ে দিতে পারে, যা সুস্থ সমাজের জন্য ক্ষতিকর। মামলার পর আদালতে হাজিরার জন্য অনুরাগকে একাধিকবার সমন পাঠানো হয়। এমনকি সংবাদপত্রেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

কিন্তু এরপরও আদালতে হাজির হননি পরিচালক।

এ পরিস্থিতিতে সুরাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জে ভি চৌহান অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জেরে এর আগে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন অনুরাগ কাশ্যপ। তবে সেই ক্ষমা প্রার্থনার পরও তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।