☰
✕

প্রথম নিজেদের তৈরি মিসাইল ছুড়ল পাকিস্তান

০৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফায’-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (৩ নভেম্বর) এই পরীক্ষা চালানো হয়।

এর মধ্য দিয়ে দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাইলফলক অর্জিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স ব্যবস্থা রয়েছে। এটি দূরপাল্লা থেকে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

 আইএসপিআর বলছে, ‘ফায’ পাকিস্তান বিমানবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।

এর সফল পরীক্ষা দেশটির প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি ও স্বনির্ভরতার প্রতিফলন।

পরীক্ষার সময় সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সফল পরীক্ষা উপলক্ষে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনিরসহ তিন বাহিনীর প্রধান সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে গত মাসে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফাতাহ-২ ইআর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষা চালায় পাকিস্তান।