☰
✕

গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

০৪ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নসহ (এসআরবি) মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

জেলা প্রশাসন সূত্র জানায়, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে বিজিবির মোতায়েন ১১ থেকে বাড়িয়ে ১২ প্লাটুন করা হয়েছে। পাশাপাশি ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি সদস্য মাঠে রয়েছেন। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।

মো. আরিফ হোসাঈন জানান, ইতোমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন। আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ, সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।

এদিকে, বুধবার সকাল পৌনে ৮টা পর্যন্ত গাজীপুরের কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়নি।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও একটি কারখানার গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। আটক করা হয়েছে কয়েকজনকে। শ্রমিক বিক্ষোভের কারণে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ ছুটিও ঘোষণা করে।