০৪ নভেম্বর, ২০২৬
বলিউডের পর্দায় কখনো অমিতাভ বচ্চন, কখনো সালমান খান কিংবা আমির খানের বিপরীতে খলনায়কের চরিত্রে দেখা গেছে তাকে। গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন আর ভয়ংকর সব চরিত্রে অভিনয় করে তিন দশকের বেশি সময় ধরে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন অভিনেতা মুকেশ ঋষি।
এবার সেই পরিচিত মুখকে দেখা যাবে ঢাকাই সিনেমায়।
প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড অভিনেতা। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে থাকছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা।
মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।’
পরিচালক আরো জানান, ‘নসিব’ সিনেমার প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে।
এবার শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। আর এই সিনেমার শুটিং করতেই চলতি মাসে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।’
বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়।
তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিয়মিত কাজ করে আসছেন এই অভিনেতা।
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব : প্রাইড অ্যান্ড অনার’। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘গুন্ডা’ সিনেমায় বুল্লা চরিত্রেও দর্শকের কাছে বিশেষ পরিচিতি পান মুকেশ ঋষি।