☰
✕

টিভির পাশে রাউটার রাখলে যে ক্ষতি হতে পারে

০৪ নভেম্বর, ২০২৬

বাড়িতে ওয়াইফাই রাউটার কোথায় রাখছেন, তার ওপর ইন্টারনেটের গতি অনেকটাই নির্ভর করে। অনেকেই তার লুকিয়ে রাখার জন্য টিভির পেছনে বা একেবারে পাশে রাউটার বসিয়ে দেন। কিন্তু সামান্য এই ভুলের কারণে ইন্টারনেটের গতি মারাত্মকভাবে কমে যেতে পারে এবং বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাই দ্রুত ইন্টারনেট পেতে রাউটার বসানোর সময় কিছু বিষয়ে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি।

ওয়াইফাই রাউটার রেডিও তরঙ্গের মাধ্যমে সিগন্যাল পাঠায়। অন্যদিকে, টিভিও একটি ইলেকট্রনিক ডিভাইস, যার মধ্যে সার্কিট, ধাতব যন্ত্রাংশ এবং কখনও কখনও নিজস্ব ওয়াইফাই মডিউল থাকে। রাউটার টিভির খুব কাছে থাকলে দুইটি ডিভাইসের তরঙ্গ একে অপরের কাজে বাধা দেয়, যাকে ইন্টারফেরেন্স বলা হয়। এর ফলে ওয়াইফাই সিগন্যাল দুর্বল হয়ে যায় এবং সংযোগ অস্থির হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, টিভি থেকে অন্তত ১ থেকে ২ মিটার দূরে ওয়াইফাই রাউটার রাখা উচিত। সম্ভব হলে ৩ মিটার বা তার বেশি দূরত্ব বজায় রাখলে আরও ভালো ফল পাওয়া যায়। টিভির ঠিক পেছনে, নিচে বা উপরে রাউটার রাখা পুরোপুরি এড়িয়ে চলা দরকার। পাশাপাশি ধাতব স্ট্যান্ডের উপর কিংবা বন্ধ ক্যাবিনেটের ভিতরেও রাউটার রাখা ঠিক নয়, কারণ দেওয়াল এবং ধাতব বস্তু সিগন্যালের পথে বড় বাধা সৃষ্টি করে।

ভুল জায়গায় রাউটার রাখলে ইন্টারনেটের গতি অর্ধেক পর্যন্ত কমে যেতে পারে। এছাড়া ভিডিও বাফারিং হওয়া, ভিডিও কলের সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং অনলাইনে কাজ করার সময় দেরি হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে রাউটারের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং ডিভাইসটি দ্রুত গরম হয়ে যেতে পারে।

ইন্টারনেটের গতি বাড়াতে ও সংযোগ স্থিতিশীল রাখতে রাউটার সবসময় বাড়ির মাঝামাঝি কোনো খোলা জায়গায় কিছুটা উঁচুতে রাখা উচিত। মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন এবং ব্লুটুথ ডিভাইস থেকেও রাউটার দূরে রাখা দরকার। সম্ভব হলে ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করা এবং নিয়মিত রাউটার রিস্টার্ট করালে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হতে পারে।