☰
✕

বার্লিনের হোটেলে জার্মান রাজনীতিকের মরদহ উদ্ধার

০৫ নভেম্বর, ২০২৬

জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের উপ-প্রধানমন্ত্রী এবং ‘ফ্রি ভোটারস’ দলের নেতা আইওয়াঙ্গারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) বার্লিন-মিটে এলাকায় অবস্থিত একটি হোটেলের কক্ষে তাকে মরদহে উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‘বিল্ড’পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ৫৫ বছর বয়সী আইওয়াঙ্গারের মরদেহ বার্লিন-মিটের ‘নয়ার ফ্রিৎজ’ হোটেলে পাওয়া যায়। তিনি অসুস্থ বোধ করায় দলের নতুন রাজধানী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। বাভারিয়া রাজ্য সরকার ও বার্লিন পুলিশের সূত্রগুলো দৈনিকটিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বাভারিয়ার রাজ্য প্রিমিয়ার মার্কাস সোডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লেখেন, হুবার্ট আইওয়াঙ্গারের আকস্মিক মৃত্যু এক ভয়াবহ ট্র্যাজেডি। আমরা সবাই গভীরভাবে শোকাহত। বার্লিন পুলিশ বা সরকারি কৌঁসুলিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং মৃত্যুর কারণ সম্পর্কেও কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, আইওয়াঙ্গার ২০০৬ সাল থেকে বাভারিয়ায় ‘ফ্রি ভোটারস’ দলের এবং ২০১০ সাল থেকে জাতীয় পর্যায়ে দলটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি ২০০৮ সালে বাভারিয়া রাজ্য পার্লামেন্টে নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনের পর মার্কাস সোডারের নেতৃত্বাধীন ‘ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন’ সরকারের অধীনে তিনি অর্থনীতি মন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আশির দশকের শেষ দিকে কিশোর বয়সে তার স্কুলব্যাগে নাৎসি প্রচারপত্র পাওয়ার অভিযোগে ২০২৩ সালে তিনি জাতীয় পর্যায়ে বিতর্কের মুখে পড়েন। এ ঘটনার জন্য তিনি ক্ষমা চাইলেও পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন। জার্মান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আইওয়াঙ্গারের দুই সন্তান ছিল এবং তিনি তার সঙ্গীর সঙ্গে বসবাস করতেন।

সূত্র: এএফপি,রয়টার্স।