☰
✕

যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

০৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় শহরের যশোর কারবালা কবরস্থানে মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে এসব কর্মসূচি শুরু হয়।

পরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে একই স্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ এবং জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শ্রমজীবীদের মাঝে জায়নামাজ, টুপি ও তসবি বিতরণ করা হয়।

এসব আয়োজনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মরহুম তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মরহুম তরিকুল ইসলামের  জ্যেষ্ঠ্য পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিতসহ যশোর জেলা বিএনপি ও দলটির সব উপজেলা ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দুপুর থেকে যশোর সদর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানেও বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীসহ বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।