☰
✕

পাহাড়ের শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

০৬ নভেম্বর, ২০২৬

পাহাড়ের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া এবং নিরাপদ ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) বান্দরবান শাখার সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আনার ওপর গুরুত্ব দেন বক্তারা।

‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ এবং ‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ, ক্যাশলেস লেনদেন’—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউসিবি ব্যাংকের বান্দরবান শাখার শাখাপ্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। 

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, ইউসিবি ব্যাংকের ঢাকা কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক সুফিয়া আক্তার, সোনালী ব্যাংক বান্দরবান শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার রানা অমিতাভ দাশ গুপ্ত, কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু রায়হান এবং ইউসিবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মেহেদী হাসান চৌধুরীসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নতুন প্রজন্মের মধ্যে আর্থিক সচেতনতা তৈরি করা জরুরি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম ও ডিজিটাল লেনদেন সম্পর্কে বাস্তব ধারণা দিতে হবে।

তাঁরা আরও বলেন, বাংলা কিউআরসহ আধুনিক ডিজিটাল লেনদেনব্যবস্থার ব্যবহার বাড়ানো গেলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও সময় সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইকবাল মহসীন শিক্ষার্থীদের ব্যাংকিং বিষয়ে আগ্রহ ও ধারণার প্রশংসা করেন। তিনি বলেন, সবাইকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সঞ্চয়ী মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। আর্থিক স্বাক্ষরতার মাধ্যমে নিরাপদ ও ক্যাশলেস লেনদেনব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপপরিচালক মোহাম্মদ ইউছুফ আলীর সঞ্চালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।