০৩ অক্টোবর, ২০২৪
নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে কলকাতায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় গুলি লাগে তার পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয় তাকে।
এদিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গোবিন্দর দেওয়া জবানবন্দি সন্তুষ্ট করতে পারেনি ভারতীয় পুলিশকে। গুলিবিদ্ধ হওয়া গোবিন্দ নিজের ভুল নাকি অন্য কেউ দায়ী? এমন প্রশ্ন ঘুরছে তাদের মাথায়।
সূত্রের খবর, গোবিন্দা জানিয়েছেন ওই বন্দুকটি ২০ বছর পুরনো। তিনি বের হওয়ার আগে পরিষ্কার করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। যদিও হঠাৎ কীভাবে গুলি লাগল তা নিয়ে অভিনেতার বয়ানে পুলিশ সন্তুষ্ট হয়নি।
পুলিশ জানিয়েছে, অভিনেতা মিথ্যা বলছেন, এমন নয়। কিন্তু তার কথায় কিছু অসঙ্গতি রয়েছে। এরইমধ্যে গোবিন্দর মেয়ে টিনা আহুজাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি পরিষ্কার করতে ফের রেকর্ড করা হতে পারে গোবিন্দর বয়ান।
এদিকে গোবিন্দর স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন নায়কের জন্য। তিনি জানিয়েছেন অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাকে জেনারেল বেডে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোর পাঁচটার দিকে কলকাতায় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তখন নিজের পিস্তল পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।