০৩ অক্টোবর, ২০২৪
তাইওয়ানের দক্ষিণাঞ্চলে এক হাসপাতালে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) পিংটং কাউন্টির একটি হাসপাতালে এই আগুন লাগে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, পিংটং কাউন্টির একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে (জিএমটি ১টা) আগুন লাগে। এ সময় টাইফুন ক্র্যাথন পাশের কাউন্টি কাওশিউংয়ে আঘাত হানছিল। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেজা ও ঝোড়ো আবহাওয়ার কারণে অগ্নি নির্বাপণের কাজ বিঘ্নিত হয়েছে। তিন ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের কারণ এখনও তদন্তাধীন।
কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের একটি ভবন থেকে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রায় ৩০০ রোগীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। অনেকে আশেপাশের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে আশ্রয় নেন।
কাছাকাছি একটি সামরিক ঘাঁটির সেনারা দমকল বাহিনীর সঙ্গে যৌথভাবে আগুন নেভাতে সহায়তা করেন।