☰
✕

প্রতিটি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা

০৭ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন প্রতিটি ইউনিয়নে নতুন করে দুইজন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন।

গ্রাম পুলিশের পরিচয় পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মহল্লাদার হচ্ছেন গ্রাম পুলিশ এবং দফাদার হচ্ছেন গ্রাম পুলিশ প্রধান।’

তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধানে দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশ সক্রিয় ভূমিকা রাখছেন। তৃণমূল পর্যায়ে কোথায় কী ঘটছে, কারা অপরাধে যুক্ত হচ্ছে কিংবা কোথায় পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে, এসব বিষয়ে গ্রাম পুলিশের আগাম তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে তারা জনগণের নিরাপত্তায় তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।