☰
✕

ছেলের প্রতিভা ও পরিশ্রমে মুগ্ধ সনু নিগম

০৮ নভেম্বর, ২০২৬

প্রতিদিন ১৬ ঘণ্টা কণ্ঠের অনুশীলন, স্টুডিওতে এক টেকেই রেকর্ডিং সংগীতের জগতে নিজের পরিচয় গড়তে এমন কঠোর পরিশ্রম করছেন সনু নিগমের ছেলে নেভান নিগম। ছেলের এই অধ্যবসায় ও বদলে যাওয়া দেখে আবেগাপ্লুত বাবা সনু। ১৯ বছর বয়সী নেভানের সংগীতজীবনের নতুন অধ্যায়ের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি ও তার স্ত্রী মধুরিমা নিগম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নেভানের শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত বেড়ে ওঠার নানা স্মৃতি তুলে ধরেছেন সনু ও মধুরিমা। একসময় বাবার সামনে গান গাইতেও সংকোচ বোধ করতেন নেভান। সেই ছেলেই এখন সংগীতচর্চায় নিজেকে নিবেদিত করেছেন। কণ্ঠের অনুশীলনের পাশাপাশি নাচের দক্ষতা বাড়াতেও নিয়মিত সময় দিচ্ছেন তিনি।

ছেলের একটি ছবি প্রকাশ করে সোনু লিখেছেন, ‘দীপাবলির এই পবিত্র ও শুভক্ষণে নেভান সংগীতজগতে নিজের যাত্রা শুরু করছে। দাদা ও বাবার পথ থেকে কিছুটা ভিন্ন পথে গিয়ে সে নিজের দিগন্ত খুঁজতে চায়। গোলগাল ছোট্ট একটি ছেলে থেকে সে আজ ফিট ও ছিপছিপে তরুণ। যে ছেলে নিজের বাবার সামনে গান গাইতে ভীষণ লজ্জা পেত, এখন সেই ছেলেই তার অসাধারণ কণ্ঠশিক্ষকের শেখানো অনুশীলন প্রতিদিন ১৬ ঘণ্টা ধরে করছে। সংগীত প্রযোজক পু বিয়ারের সঙ্গে স্টুডিওতে এক টেকেই রেকর্ডিং সম্পন্ন করছে।’

নেভানের শারীরিক পরিবর্তন ও পরিশ্রমের কথাও উল্লেখ করেছেন সনু। একসময় মাত্র তিন মিনিট জগিং করতেও কষ্ট হতো তার ছেলের। অথচ এখন গানের দক্ষতা বাড়াতে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করছেন তিনি। সন্তানের এমন পরিবর্তনে পরিবারের সবাই আনন্দিত বলেও জানিয়েছেন সনু। 

তিনি আরও লিখেছেন, ‘স্টুডিওতে চার বছর বয়সে “কোলাভেরি ডি” থেকে শুরু করে সাড়ে চার বছর বয়সে মঞ্চে “আভি মুঝমে কাহিন” পরিবেশনা—শুরু থেকেই সে আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়েছে। তার আগামী দিনের পথচলা যেন মর্যাদা, পরিশ্রম, একাগ্রতা ও বিনয়ের সঙ্গে এগিয়ে যায়, সে জন্য আশীর্বাদ করবেন। তাকে ভালোবাসা দেবেন।’

‘স্লাইড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে সংগীতজগতে নিজের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করছেন নেভান। চলচ্চিত্রটির ভাবনা তার নিজের। আলেকজান্ডার কোবিয়ানের সঙ্গে যৌথভাবে এটি পরিচালনাও করেছেন তিনি। এর সংগীত পরিচালনা করেছে ‘দ্য অডিবলস’। পাশাপাশি সংগীত প্রযোজক পু বিয়ারের কাছে কণ্ঠের প্রশিক্ষণ নিচ্ছেন নেভান।