০৯ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে আহত করার ১০ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা গেছেন। গত ২৯ অক্টোবর উপজেলার কাচঁপুরের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ফারুক (৪০)।
শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। রবিবার রাতে ময়নাতদন্ত শেষে লাশ ললাটি এলাকায় নিয়ে আসা হয়। নিহত ফারুক কাচঁপুরের ললাটি এলাকার সেরাজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় নিহত ফারুকের মা ওহেদা বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে। মারধরের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে।
নিহতের মা ওহেদা বেগম জানান, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় ললাটি এলাকার আমিনুল ভেন্ডার-তার ভাগনে অমিত হাসানসহ কয়েকজন মিলে তার ছেলে ফারুককে বাসা থেকে ডেকে ললাটি জনতা বাজার নিয়ে যায়। সেখানে আটকে রেখে তার বিরুদ্ধে ফারুক আমিনুল ভেন্ডারের বাড়ির কারেন্টের তার চুরির অভিযোগ তোলা হয়। চুরির অপবাদ দিয়ে তাকে বাজারে আটকে রেখে মারধর ও পিটিয়ে রক্তাক্ত করে। পরে অবস্থার অবনতি হলে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওহেদা বেগম ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, আমার ছেলেকে বাজারের মধ্যে বহু মানুষের সামনে পিটিয়ে হত্যা করেছে। আমি অপরাধীদের বিচার চাই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। যারা আইন হাতে তুলে নিয়ে তাকে মারধর করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।