০৯ নভেম্বর, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির চার ইউনিটের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ফটিকছড়ি সরকারি মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এদিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশ ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়েও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবারও এক হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তবে বিএনপি রাজপথে রয়েছে, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
সরোয়ার আলমগীর বলেন, ১৯৭১ সালে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন। তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগান ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন। ফটিকছড়িতেও উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তবে একটি কুচক্রী মহল এসব উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
জনসভায় প্রধান বক্তা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। ফটিকছড়ির উন্নয়নে রাজপথের পরীক্ষিত নেতা সংসদ সদস্য সরোয়ার আলমগীরের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন আহমেদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন শাহীন, রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, এজাহার মিয়া, আবুল কালাম আজাদ, শফিউল আলম ও নাছির উদ্দীনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।
জনসভায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে ফটিকছড়ি সদর বিবিরহাট এলাকায় বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। জনসভা শেষে ঢাকা থেকে আগত শিল্পী ইতুন বাবু, শিল্পী মৌসুমিসহ একটি দল সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।