☰
✕

ফ্রান্সে শুরু হওয়া বিক্ষোভ ছড়ায় ইউরোপের ৩১ দেশে

০৯ নভেম্বর, ২০২৬

গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩১টি দেশে এক হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখিয়েছে আলজাজিরা।

আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। প্রায় দুই মাস আগে দেশটির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট ও অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। পরে এর সঙ্গে যুক্ত হয় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, মজুরি ও সামাজিক আবাসন সংক্রান্ত দাবি। আন্দোলনে শ্রমিক সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও যোগ দেন।

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে শিক্ষা, সরকারি সেবা ও জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত ইস্যুতে ১০০ বা তার বেশি মানুষের অংশগ্রহণে ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর দেশটিতে এক দিনেই পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভ করেন। গত শনিবারও দেশজুড়ে এক লাখ ৪৬ হাজার মানুষ সমাবেশ করেন। ফ্রান্সের পর সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে স্পেনে ১৭৩টি, ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি ও পর্তুগালে ৩৩টি। 

স্পেনে আবাসন সংক্রান্ত জরুরি দুটি অধ্যাদেশ প্রত্যাখ্যানের প্রতিবাদে এবং ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন হয়েছে।

গত ২৩ অক্টোবর প্যারিসের উত্তরে ত্রাপ শহরে বর্ণবাদী হামলায় ২৬ বছর বয়সি এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। আহত হন আরও সাতজন। সন্দেহভাজন হামলাকারী মুসলিম, আফ্রিকান ও উত্তর আফ্রিকান বংশোদ্ভূত মানুষকে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছেন।

এদিকে বিক্ষোভে সহিংসতার জন্য বামপন্থি দল ফ্রান্স আনবোডকে দায়ী করেছেন সরকারের কয়েকজন নেতা। তবে দেশটির গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দলটি বিক্ষোভে উপস্থিত থাকলেও সহিংসতায় জড়িত ছিল না। বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরূকরণ ও উগ্র ডানপন্থি মতাদর্শের বিস্তার আরও বাড়তে পারে।

মানবাধিকারকর্মীদের অভিযোগ, অভিবাসী ও মুসলিম জনগোষ্ঠীকে অপরাধী হিসেবে চিত্রিত করে উগ্র ডানপন্থি বক্তব্যের স্বাভাবিকীকরণ ঘটানো হচ্ছে। অন্যদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উঠেছে।

বিক্ষোভ মোকাবেলায় পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা উঠেছে। গত ২৮ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার পরিষদের ম্যান্ডেটপ্রাপ্ত চার বিশেষজ্ঞ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ নিয়ে উদ্বেগ জানান।

এক বিবৃতিতে তারা বলেন, কয়েক হাজার মানুষকে গ্রেফতার ও আটক করার ঘটনা—যাদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক—মাত্রাতিরিক্ত বলে মনে হচ্ছে। এ ধরনের পদক্ষেপ বিক্ষোভকারীদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা চর্চায় বাধা সৃষ্টি করছে।

দেশটির উত্তরের শহর লিলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একটি গ্রেনেড বিস্ফোরণে এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।