☰
✕

রাবণের স্ত্রী মন্দোদরী কেন রামায়ণের গুরুত্বপূর্ণ চরিত্র

০৯ নভেম্বর, ২০২৬

রামায়ণের কাহিনিতে মন্দোদরী কেবল রাবণের স্ত্রী নন, তিনি ছিলেন বিচক্ষণ ও দূরদর্শী এক রানি। সীতাকে অপহরণের পর রাবণকে তাঁকে ফিরিয়ে দিতে এবং রামের সঙ্গে যুদ্ধ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে স্ত্রীর সতর্কবার্তা উপেক্ষা করায় শেষ পর্যন্ত লঙ্কার পতন ঘটে।

মন্দোদরী ছিলেন অসুরদের কিংবদন্তি স্থপতি ময়াসুর ও অপ্সরা হেমার কন্যা। রাজকীয় পরিবেশে বেড়ে ওঠা মন্দোদরীর বিয়ে হয় লঙ্কার রাজা রাবণের সঙ্গে। তাঁদের ছেলে মেঘনাদ, যিনি ইন্দ্রজিৎ নামেও পরিচিত। রামায়ণের অন্যতম শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

রামায়ণের বর্ণনায় মন্দোদরীকে নীতিবান ও দূরদর্শী নারী হিসেবে তুলে ধরা হয়েছে। সীতাকে অপহরণের পর তিনি রাবণকে বারবার তাঁকে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দেন। রামের সঙ্গে যুদ্ধে জড়ালে লঙ্কার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, সেটিও বুঝতে পেরেছিলেন তিনি। কিন্তু রাবণ তাঁর কথায় কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত রাম-রাবণের যুদ্ধে লঙ্কার পতন ঘটে।

আধুনিক সময়ের সাহিত্যেও মন্দোদরীর চরিত্র নতুনভাবে উঠে এসেছে। আনন্দ নীলকান্তনের ‘অসুর’ উপন্যাসে রামায়ণের প্রচলিত কাহিনি রাবণের দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে। এ ধরনের পুনর্কথনে মন্দোদরীর প্রজ্ঞা, মানসিক টানাপোড়েন ও নীরব কষ্টের দিকগুলোও গুরুত্ব পেয়েছে।

এবার বড় পর্দায় মন্দোদরীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কাজল আগরওয়ালকে। নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় তাঁর অভিনয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। প্রচলিত ধারণায় মন্দোদরীকে বিচক্ষণ ও সৌম্য স্বভাবের নারী হিসেবে কল্পনা করা হয়। কাজলের সঙ্গে সেই চিত্র কতটা মানানসই, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছিল।

চরিত্রটির প্রস্তুতির জন্য মন্দোদরীকে নিয়ে বিভিন্ন বই পড়েছেন বলে জানিয়েছেন কাজল। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তাঁর ছোট ছেলেও রামায়ণের কাহিনি সম্পর্কে ভালো ধারণা রাখে এবং বাড়িতে ছোট পরিসরে রামলীলা মঞ্চস্থ করে।

সিনেমাটিতে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশও অভিনয় করেছেন। এর প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর মুক্তি পেয়েছে।