০৯ নভেম্বর, ২০২৬
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই এ উন্নয়নকাজের জন্য দরপত্র আহ্বান করা হবে।
সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় হাসপাতালের আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিটিং, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি হাসপাতালে চিকিৎসকেরা নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছেন। চিকিৎসকেরা যাতে সততার সঙ্গে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় রোগীদের সঙ্গে আরও ভালো ও সহনশীল আচরণ করার জন্য চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।