গ্লোবাল সুপার লিগ খেলতে যাচ্ছে বিপিএলের দল

০৭ অক্টোবর, ২০২৪

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সসহ ৫টি দেশের ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগের কথা ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। পাঁচটি দেশের বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। আর এই আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো দল।

এর আগে এই টুর্নামেন্টের নাম ছিলো চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টি। এবার নাম পরিবর্তন করে এসেছে গ্লোবাল সুপার লিগ। নভেম্বরের ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত শুরু হতে চলা এই প্রতিযোগিতায় পুরস্কার মুল্য রাখা হয়েছে ১মিলিয়ন ডলার। 

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল হলেও অল্প সময়ের নোটিসে খেলতে রাজি নয় তারা। রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স একেবারেই লাপাত্তা। এ কারণে বিপিএলের তৃতীয় দল রংপুর রাইডার্সকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। তারাই এই প্রস্তাব লুফে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে গায়ানায় গ্লোবাল টি-টুয়েন্টি খেলতে যাবে নুরুল হাসান সোহানের দল।

আজ বিসিবি পরিচালকদের সভা শেষে সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমাদের একটি দল ওয়েস্ট ইন্ডিজে খেলার প্রস্তাব পেয়েছে। টি-টুয়েন্টি গ্লোবাল লিগ, পাঁচটি দেশের অংশগ্রহণে হবে। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আমাদেরকে প্রস্তাব দিয়েছিল। আমরা প্রথমে শেষ বছরের চ্যাম্পিয়ন বরিশালকে প্রস্তাব দিয়েছিলাম। ওরা খেলবে না। এজন্য আমরা সেমিফাইনালের (তৃতীয়) দলকে প্রস্তাব দেই। তারা খেলতে যাবে সবকিছু ঠিক থাকে।’