☰
✕

সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ মারা গেছেন

১০ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবাহনী ক্লাবের প্রশাসন ইনচার্জ আশীষ রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সদ্য প্রয়াত হারুনুর রশীদ গত চার বছর ধরেই অসুস্থ ছিলেন। করোনা থেকেই তার সেই অসুস্থতা শুরু হয়ে ধীরে ধীরে তা বাড়তে থাকে। দিন দিন শরীরের অবনতির ফলে প্রায়ই হাসপাতালে ভর্তি থাকতেন। প্রতিবারের মতো এবারও বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে সোমবার দিবাগত রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঘণ্টা খানেক আগে পরিবার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাচ বারের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সাল পর্যন্ত তিনি ফেডারেশনের নির্বাহী কমিটিতে ছিলেন। ফুটবল ফেডারেশন, আবাহনী ক্লাব ছাড়াও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।