☰
✕

সিরাজদিখানে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় প্রশাসনের অভিযান

১০ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত করার অভিযোগে তিনটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর ব্রিজের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।

অভিযানকালে মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকস, মেসার্স নূর ব্রিকস ম্যানুফ্যাকচার ও মেসার্স একতা ব্রিকসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভাটার মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।