১০ নভেম্বর, ২০২৬
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. মিরাজুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-১৩। মঙ্গলবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চতুরাখোর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেফতারকৃত মিরাজুল ইসলাম (২৯) দিনাজপুরের কোতয়ালী থানার দক্ষিণ ফরিদপুর (হাজেরাপুকুর) এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী এ কে এম মোজাহারুল ইসলাম ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুলের পাশে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ১৯ অক্টোবর রাত ১০টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত এক ব্যক্তি তার দোকানে এসে নিজেকে দিনাজপুর এসআরবি ক্যাম্পের গোয়েন্দা সদস্য পরিচয় দেন। এ ঘটনায় গত ৩০ অক্টোবর ভুক্তভোগী দিনাজপুর কোতয়ালী থানায় একটি প্রতারণা মামলা করেন। ঘটনার তদন্ত ও অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১ এর একটি দল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চতুরাখোর গ্রামে অভিযান চালায়। এ সময় মামলার আসামি মিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজুল বিভিন্ন সময়ে দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে এসআরবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেছেন।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।