১১ নভেম্বর, ২০২৬
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা। তার অভিনীত চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে থাকা কালজয়ী গানগুলো নিয়ে ‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’ শিরোনামের এ আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গের উদ্যোগে অনুষ্ঠানটি হবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে সংগীত পরিবেশনা। অনুষ্ঠানে প্রাধান্য পাবে বাংলা নাগরিক গানের সমৃদ্ধ ঐতিহ্য এবং উত্তম কুমারের চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় সব গান। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারের মতো কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে যে গানগুলো শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে, সেগুলোই পরিবেশন করা হবে এ আয়োজনে।
বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অভিনয় যেমন দর্শকের মনে গভীর ছাপ রেখেছে, তেমনি তার পর্দার উপস্থিতিকে পূর্ণতা দিয়েছে কালজয়ী সব গান। বিভিন্ন সময়ে খ্যাতিমান সংগীতশিল্পীদের কণ্ঠে উঠে আসা এসব গান আজও বাঙালির স্মৃতি ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে।
তাই উত্তম কুমারকে ঘিরে এ আয়োজন কেবল একজন অভিনেতাকে স্মরণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; এতে ফিরে আসবে বাংলা চলচ্চিত্র ও সংগীতের এক সমৃদ্ধ সময়ের আবহ।
আয়োজকদের প্রত্যাশা, সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে দর্শক-শ্রোতারা আবারও উপভোগ করতে পারবেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের জনপ্রিয় গানগুলো। একই সঙ্গে মহানায়ক উত্তম কুমার এবং তার চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কিংবদন্তি সংগীতশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ তৈরি হবে।