☰
✕

হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়া তেল: বিএফএসএ চেয়ারম্যান

১১ নভেম্বর, ২০২৬

হার্টের সবচেয়ে মারাত্মক শত্রু পোড়া তেল। তাই মানবস্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ব্যবসায়ীদেরও পোড়া তেল ব্যবহার পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

আজ বুধবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএফএসএর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত সেমিনারে শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের শরীরের দুটি অঙ্গকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরতে পারি। একটি হলো মাথা, অন্যটি হলো আমাদের হার্ট। শরীরের বাহ্যিক অন্যান্য অঙ্গের ক্ষতি হলেও মাথাকে যেমন আমরা বাঁচানোর চেষ্টা করি, তেমনি আমাদের শরীরের অভ্যন্তরে আরেকটি অঙ্গ আছে, সেটা হলো হার্ট। যেটিকে সরাসরি আঘাত করে পোড়া তেল। হার্টের যতগুলো শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো পোড়া তেল। তাই আমাদের সবাইকে পোড়া তেল পরিহার করতে হবে। ব্যক্তি পর্যায়ে যেমন করতে হবে, তেমনি ব্যবসায়ীদেরও করতে হবে।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘একজন ব্যবসায়ী যদি একটা সিঙ্গাড়া পোড়া তেলে না ভেজে সতেজ তেলে ভেজে দাম বেশিও রাখেন, তাহলেও মানুষ ফ্রেশ তেলের সিঙ্গাড়াটা খাবে। ব্যবসায়ীদের সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে।’

পোড়া তেলের টেকসই ব্যবস্থাপনা প্রসঙ্গে বিএফএসএ চেয়ারম্যান বলেন, ‘পোড়া তেল অনেকভাবে ডিজপোজাল হয়। সবচেয়ে টেকসই উপায় হচ্ছে—বায়োটেকের মতো প্রতিষ্ঠানকে তুলে দেওয়া। এর মাধ্যমে যেমন একদিকে আর্থিক সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশও ভালো থাকবে।’

এ ধরনের কাজে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএফএসএ সদস্য (যুগ্মসচিব) মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ সোয়েব। প্রবন্ধে তিনি পোড়া তেল উৎপাদনের প্রক্রিয়া, ব্যবহৃত তেলের ক্ষতিকর প্রভাব, ভোজ্যতেলের গুরুত্ব, ট্রান্সফ্যাটি অ্যাসিড ও এর ঝুঁকি এবং ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণের উপায় নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করেন।

তিনি বলেন, ব্যবহৃত ভোজ্যতেল বারবার ব্যবহারের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি, রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি এবং ক্যান্সারের ঝুঁকি তৈরি হচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা। তাঁরা পোড়া তেল বারবার ব্যবহারের মাধ্যমে পরিবেশ ও মানবস্বাস্থ্যের ক্ষতি না করে তা বায়োডিজেলে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। এতে মানবস্বাস্থ্য বিভিন্ন রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার পাশাপাশি গাড়ি ও যন্ত্রপাতি চালানোর কাজে বায়োডিজেল ব্যবহার করা সম্ভব হবে বলে জানান তাঁরা।

বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ বলেন, ‘সারা দেশের অন্তত তিন হাজার খাদ্যস্থাপনা থেকে বায়োটেক এনার্জি বর্তমানে প্রতি মাসে ১০০ টনের বেশি পোড়াতেল সংগ্রহ করছে। আশা করছি, ২০৩০ সালের মধ্যে মাসে এক হাজার টন সংগ্রহ করতে পারব। সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় এসব পোড়াতেল থেকে আমরা বায়োডিজেল উৎপাদন করি।’

তিনি আরও উল্লেখ করেন, মাত্র এক লিটার ব্যবহৃত ভোজ্যতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে।

সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জি লিমিটেডের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।