☰
✕

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

১১ নভেম্বর, ২০২৬

 

চুয়াডাঙ্গার জীবননগরে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পাশে একটি খাদে মোটরসাইকেলসহ রাসেল হোসেন (২০) নামে এক তরুণের লাশ পাওয়া গেছে। বুধবার (১১ নভেম্বর) ভোরে সন্তোষপুর ইকো পার্কের পাশে স্থানীয়রা তার লাশ দেখতে পান। এ সময় পাশেই পড়ে ছিল দুমড়ে-মুচড়ে যাওয়া একটি নীল মোটরসাইকেল। 

ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।
স্বজনরা জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে সন্তোষপুরের পাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। তবে রাতে তিনি আর বাড়ি ফেরেননি।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে কাজে যাওয়ার পথে তারা সড়কের পাশের খাদে রাসেলের লাশ ও মোটরসাইকেলটি দেখতে পান। তাদের ধারণা, রাতের কোনো একসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খেজুরগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রাসেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।