☰
✕

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

১১ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বকুল চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে বকুলের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর বাড়ি থেকে ১৩টি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তার হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে। জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম এবং আসামিপক্ষে আইনজীবী আরিফুল ইসলাম আরিফ মামলাটি পরিচালনা করেন।