☰
✕

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সুইডেনের নতুন সিদ্ধান্ত

১২ নভেম্বর, ২০২৬

দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের নাগরিকত্ব বাতিল করার বিষয়ে সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছে সুইডেনের পার্লামেন্ট। এই সংশোধনী অনুযায়ী, কেউ মিথ্যা তথ্য দিয়ে সুইডিশ নাগরিকত্ব অর্জন করে থাকে অথবা জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন তবে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে।

সংশোধনীটি ২৯২টি পক্ষে এবং ৫১টি বিপক্ষে ভোটের মাধ্যমে পাস হয়েছে। তবে নির্বাচনের ফলাফল অমিমাংসিত থাকায়, এটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় বিলটি পরবর্তী সরকারের পক্ষ থেকে উত্থাপন করতে হবে। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন বিদায়ী মধ্য-ডানপন্থী সরকার পার্লামেন্টে অভিবাসনবিরোধী দল ‘সুইডেন ডেমোক্র্যাটস’ সমর্থন দিয়ে আসছিল।

দলটি গত বছর জানিয়েছিল, তারা সংগঠিত অপরাধ বা গ্যাং-সম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্ত দ্বৈত নাগরিকত্বধারীদের নাগরিকত্ব বাতিলের উপায় খুঁজছে। এর জন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন ছিল, যার শর্ত অনুযায়ী পার্লামেন্টে দুটি পৃথক ভোটে এটি পাস হতে হয়। বুধবারের ভোটটি ছিল সেই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ।

১৩ সেপ্টেম্বরের নির্বাচনের পর নতুন সরকার গঠনে রাজনৈতিক দলগুলো হিমশিম খাচ্ছে, আর এই পরিস্থিতিতে উলফ ক্রিস্টারসন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। বিদায়ী সরকার একটি বিল নিয়ে কাজ করছিল, তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। তাই পরবর্তী সরকারই সিদ্ধান্ত নেবে, যে তারা ঠিক কোন ধরনের অপরাধের কারণে নাগরিকত্ব বাতিল করা যেতে পারে, তা নির্ধারণ করা।

নাগরিক অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন গোষ্ঠী এই পদক্ষেপের সমালোচনা করেছে। পার্লামেন্টে ভোটের আগে ‘সিভিল রাইটস ডিফেন্ডারস’-এর জ্যেষ্ঠ আইনি উপদেষ্টা আইদা সামানি এক বিবৃতিতে বলেন, বাস্তবে এই প্রস্তাবটি সুইডিশ নাগরিকত্বের দুটি ধরন তৈরি করবে, একটি শক্তিশালী, অন্যটি দুর্বল ও শর্তসাপেক্ষ। এটি আইনের চোখে সমতার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।

সূত্র: এএফপি।