☰
✕

পুলিশ সুপারের মোবাইল জব্দ, রাখা হয়েছে নজরদারিতে

১২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করেছে  পুলিশ। একইসঙ্গে তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পাওয়া একটি সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হালিশহরে অবস্থিত জেলা পুলিশ লাইনে এসপি জাহাংগীর আলমের কার্যালয় থেকে মোবাইল ফোন দুটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি (এডমিন  অ্যান্ড ফিন্যান্স)  মো. নাজিমুল হক।

তিনি জানান, জাহাংগীর আলমের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে এবং অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি রেঞ্জ পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাহাংগীর আলম বর্তমানে চট্টগ্রামে আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি ফেনী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।