১২ নভেম্বর, ২০২৬
হরমুজ প্রণালিতে বিস্ফোরণে ৪০ লাখ ব্যারেলেরও বেশি তেলবাহী দুটি সুপারট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত রাতে হরমুজ প্রণালির একটি অননুমোদিত রুট অতিক্রম করার পর আইন লঙ্ঘনকারী ওই দুটি সুপারট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোর যাত্রা থামিয়ে দেওয়া হয়।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর ট্রাফিক কন্ট্রোল সেন্টার থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও জাহাজ দুটি ওই অননুমোদিত দক্ষিণ রুট দিয়ে অগ্রসর হয়।
কন্ট্রোল সেন্টার থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে ওই রুটটি অবৈধ এবং অনিরাপদ, কিন্তু জাহাজ দুটি সেই সতর্কবার্তা উপেক্ষা করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিস্ফোরণের শিকার জাহাজ দুটি ছিল বিশালাকৃতির সুপারট্যাঙ্কার।
যেগুলোতে সম্মিলিতভাবে ৪০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। আইআরজিসির দাবি অনুযায়ী, লুণ্ঠনকারী ও আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর ওপর ভরসা করার পরিণামেই জাহাজ দুটি এখন আগুনে পুড়ছে।
এই ঘটনার পর পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী অন্যান্য জাহাজগুলোর প্রতিও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি নৌবাহিনী। তারা সতর্ক করে দিয়ে বলেছে, এই অঞ্চলে চলাচলকারী যেকোনো জাহাজ যদি তাদের নেভিগেশন সিস্টেম বন্ধ রাখে এবং প্রণালির ওই অননুমোদিত দক্ষিণ রুট অতিক্রম করার ক্ষেত্রে মার্কিন চোরাচালানকারী বাহিনীর সাথে সহযোগিতা করে, তবে তাদেরও ঠিক একই পরিণতি ভোগ করতে হবে।