☰
✕

কক্সবাজারে বিজিবির অভিযানে ১০ লাখ ইয়াবা উদ্ধার

১২ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় মাদক বিরোধী তিনটি পৃথক অভিযানে অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদর দপ্তরের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ সব তথ্য জানান।

তিনি জানান, গত বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় এ তিনটি অভিযান চালানো হয়।

রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া-সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবি। এ সময় বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে নৌকাটি থেকে ৭ থেকে ৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে কাছের কেওড়া বনে অবস্থান নেয়। পরে বিজিবির আরেকটি টহল দল স্পিডবোটে করে কেওড়া বনের দিকে এগোলে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এগিয়ে যায়। বিজিবির প্রতিরোধের মুখে কারবারিরা ইয়াবার বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহল দল তল্লাশি চালিয়ে ছোট-বড় ১০টি বস্তা থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরও জানান, একই রাতে সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি।

এ সময় এক লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলীকে (১৮) আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার পশ্চিম আঞ্জুমানপাড়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে। রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে মো. হোসাইনকে (২০) আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। হোসাইন চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা গ্রামের মো. আলমগীরের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।