☰
✕

লাকসামে বিএনপি নেতার ইউপি চেয়ারম্যান প্রার্থিতা স্থগিত

১২ নভেম্বর, ২০২৬

 

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত একক প্রার্থী মো. আবদুস সালামের প্রার্থিতা পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক পরিবেশ বিনষ্টের অভিযোগে শোকজ করেছে লাকসাম উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আব্দুল কালাম স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে মো. আবদুস সালামের নাম ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তার প্রার্থিতা স্থগিত করা হলো।

অন্যদিকে, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাদল স্বাক্ষরিত পৃথক কারণ দর্শানোর নোটিশে আবদুস সালামের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, সম্প্রতি তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়েছে। ওই বক্তব্যের মাধ্যমে দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ও পরিবেশ বিনষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বিএনপি নেতা আবদুস সালাম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যটি ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।