ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি
ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আবেদন ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোরও ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ সূত্রে, নিয়মিত শিক্ষার্থীদের সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ বর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শিক্ষাবর্ষের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী আগের নির্ধারিত ফি অনুযায়ী ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাঁদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। এছাড়া সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য অভিভাবকেরা উপস্থিত থাকতে পারবেন।