শাহ আমানত মাজারে ককটেলসহ দুজন গ্রেফতার
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর শাহ আমানত (রহ.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে জেল রোড এলাকায় মাজারের সামনের প্রাঙ্গণ থেকে তাদের গ্রেফতার করা হয়। মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে মাজারের লোকজন পুলিশে খবর দেন।
কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মাজারের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশে ওই দুজন ককটেল নিয়ে মাজারে এসেছিলেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।