কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আসছে মাদক, প্রতিরোধ কমিটির ক্ষোভ

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আসছে মাদক, প্রতিরোধ কমিটির ক্ষোভ

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তের বিভিন্ন নদী ও কাঁটাতারের বেড়াহীন এলাকা দিয়ে ভারত থেকে মাদক প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। সীমান্তে মাদক প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও রাজনৈতিক নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগও করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে মাদকবিরোধী মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সহসভাপতি আনিসুর রহমান ফিরোজ ও আব্দুল জলিল, কুড়িগ্রাম সদর মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের, জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল এবং পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্যসচিব জয়নাল আবেদীন।

অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রামে গাঁজার চাষ কিংবা ইয়াবা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকের কারখানা নেই। অথচ এসব মাদক জেলায় পাওয়া যাচ্ছে। তাঁর দাবি, সীমান্তের ওপারে ভারত থেকে এসব মাদক আসছে।

তিনি বলেন, জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, কালজানি ও জিঞ্জিরাম নদীসংলগ্ন ৩২ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। সীমান্তের এই অরক্ষিত অংশ দিয়ে মাদক প্রবেশ করছে বলে তিনি অভিযোগ করেন।

জেলা কারাগারের পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ২০৩ জন ধারণক্ষমতার কারাগারে বর্তমানে ৬৭৫ জন বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ২৫০ জন মাদক মামলার আসামি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও রাজনৈতিক নেতাকর্মীর একাংশের সংশ্লিষ্টতার কারণে সীমান্ত পেরিয়ে মাদক জেলায় প্রবেশ করছে বলেও দাবি করেন তিনি।