☰
✕

বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার, গুরুতর আহত মেয়ে

১৩ নভেম্বর, ২০২৬

 

 

নীলফামারীর সৈয়দপুরে মেয়েকে স্কুল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪২) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পঞ্চম শ্রেণিপড়ুয়া মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়াপদা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। পথে ওয়াপদা গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ আরিফুলকে প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায় বাসটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় মেয়ে সুপ্তি।

স্থানীয় লোকজন সুপ্তিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসকেরা।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সড়কে জড়ো হয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। তারা বাসচালককে দ্রুত গ্রেপ্তার, ব্যস্ত সড়কটিতে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং ওয়াপদা গোলচত্বরে টাঙানো ব্যানার-ফেস্টুন অপসারণের দাবি জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোলচত্বরটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢেকে থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজে দেখা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাদের দাবি, গোলচত্বরের দৃশ্যমানতা নিশ্চিত করতে দ্রুত এসব ব্যানার-ফেস্টুন সরিয়ে নিতে হবে।

সড়ক অবরোধের কারণে রংপুর, দিনাজপুর ও নীলফামারীগামী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয় লোকজন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।