১৩ নভেম্বর, ২০২৬
কুড়িগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক দ্রব্য ইস্কাফ ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনায় এ গ্রেফতার ও মাদক জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরের পর কুড়িগ্রাম সদর থানা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে সদর থানার ধরলা ব্রিজের পশ্চিম পাশে টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে ৫০ বোতল ইস্কাফসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন- মো. রাজু ইসলাম (৩০)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদার ইউনিয়নের পাইকপাড়ার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি বিকেলে নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ একজনকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েওে করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।