১৩ নভেম্বর, ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে সৌদি আরবে একাধিক সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছিল হুতিরা।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতিদের উৎক্ষেপণ করা ড্রোনটি রিয়াদ অঞ্চলের দিকে যাচ্ছিল। পরে সেটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয়।
এর আগে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের শারুরাহ বিমানবন্দর ও খামিস মুশাইত সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেন।
তিনি জানান, শারুরাহ বিমানবন্দরে অবস্থানরত একটি সামরিক কার্গো বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। অন্যদিকে খামিস মুশাইত সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবিও করেন তিনি।
এ ছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলা চালানোর কথাও জানান ইয়াহিয়া সারি।
অন্যদিকে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দুটি হামলার কথাও জানিয়েছিল হুতিরা। এর মধ্যে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন ও ইয়ানবু তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করার দাবি করা হয়।
তবে হুতিদের এসব হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা