☰
✕

রংপুরে ঘরে ট্রাক ঢুকে শিশুর মৃত্যু, মা আহত

১৩ নভেম্বর, ২০২৬

 

 

রংপুর নগরের খাসবাগ এলাকায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরে ঢুকে পড়লে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাসলিমা আক্তার সিনতি। সে ওই এলাকার পিন্টু মিয়ার মেয়ে। আহত মায়ের নাম আশা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সিনতি ও তার মা বাড়ির একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড়ের দিকে যাচ্ছিল। পথে খাসবাগ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে ঢুকে উল্টে যায়। এতে সিনতি ও তার মা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিনতির মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। চালক মেহেদি হাসান (৩১) চাঁপাইনবাবগঞ্জ জেলার মৃত সাজিদ আলীর ছেলে। ট্রাকের সহকারী শ্রাবণ ইসলাম (১৯) রংপুর নগরের হাজীরহাট এলাকার মুকুল মিয়ার ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ ঘটনায় নিহত শিশুর নানা মোকছেদ আলী মামলা করেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুই আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।