☰
✕

রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৫

১৩ নভেম্বর, ২০২৬

রাজধানীর পৃথক দুটি স্থানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার রেললাইন এলাকায় অভিযান চালায় এসআরইউ-এর ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে মো. ইয়াসিন (১৯) ও মো. সাগর (১৯) নামের দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইয়াসিনের বিরুদ্ধে আগে থেকেই হাতিরঝিল থানায় দুটি নন-এফআইআর অভিযোগ রয়েছে। 

এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে এসআরইউ-এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. শিশির (২২), মোহাম্মদ রাজন (২০) ও মোহাম্মদ রিয়াদুল ইসলাম (১৯) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

অভিযানে গ্রেপ্তার পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিএমপি জানিয়েছে।