১৩ নভেম্বর, ২০২৬
সিলেটের বিশ্বনাথে হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সঞ্জয় চন্দ্র (৩৫)। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের দিঘলি দত্তপুর গ্রামের বারিন্দ্র চন্দ্রের ছেলে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে সিলেটের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার দিঘলি দত্তপুর গ্রামে কমলেশ চক্রবর্তী ও মান্দাবাজ গ্রামের রাজা মিয়াদের মধ্যে সংঘর্ষ হয়। মান্দাবাজের এক রিকশাচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে মাথায় আঘাত পান রাজা মিয়ার ভাই সোনা মিয়া।
বৃহস্পতিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বৃহস্পতিবারই বিশ্বনাথ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করেন রাজা মিয়া। মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় সঞ্জয় চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মুমিনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার জানাইয়া মশুলা গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জিআর মামলা নম্বর ১০৯/২৬-এ আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।