১৩ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার দুই আসামি, সাত মাদকসেবী, নিয়মিত মামলার দুই আসামি ও পরোয়ানাভুক্ত দুই আসামি রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে শাহীন (৪৭), উজ্জল (৩২), নূর মোহাম্মদ জনি (৩০), কাজী পিয়াল (২২), মজিবুল (২২), রবিউল (২৫) ও সোলেইমান (৩৮)কে গ্রেফতার করা হয়।
এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় জাহিদ হাসান ও মাহমুদুল হাসান ওরফে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় সোহেল মিয়া (২৮) ও তৌহিদ (২০) এবং পরোয়ানাভুক্ত মামলায় মো. সাগর মিয়া ও মো. আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।