☰
✕

পার্বতীপুরে পুকুরে ডুবে আপন খালা-ভাগিনার মৃত্যু

১৩ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে আপন খালা ও ভাগিনার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের জাকেরগঞ্জ জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাহরিয়ার জাহান ইভা (৮) ও রানা বাবুর ছেলে সালমান বাবু (৪)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে খালা ইভা ও ভাগিনা সালমানসহ গ্রামের কয়েকটি শিশু খেলাধুলা করছিল।

এ সময় অসাবধানতাবশত সালমান পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে পুকুরে নামে খালা ইভা। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজন সম্পর্কে আপন খালা ও ভাগিনা।