১৩ নভেম্বর, ২০২৬
বরিশালের বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবুর (৪০) মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশির বাবু ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম মোর্শেদ আলম দিলির মোল্লার ছেলে। তিনি বানারীপাড়া পৌর যুবদলের সদস্য ছিলেন।
পাশাপাশি বরিশাল নগরীর স্বদেশ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ড্রামার হিসেবেও পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি বিরোধ মীমাংসার অংশ হিসেবে প্রতিপক্ষের লোকজন ৩২ শতক জমি মোর্শেদ আলম দিলির মোল্লার পরিবারের নামে লিখে দেন।
ওই জমির মালিকানা নিয়ে শিশির বাবুর সঙ্গে তাঁর বড় ভাই জহিরুল আলম বিপুল মোল্লার বিরোধ সৃষ্টি হয়। বিপুল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাতে ওই বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে মারামারি হয়। এতে শিশির বাবু অসুস্থ হয়ে পড়েন।
তাঁকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে রাত দেড়টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী লিজা অভিযোগ করেন, তার স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেন। একপর্যায়ে শিশির মাটিতে পড়ে গেলে বিপুল তাঁর বুকের ওপর উঠে লাফালাফি করেন। এমনকি তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা কোতোয়ালি মডেল থানার কনস্টেবল নজরুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যরা পারিবারিক বিরোধের জেরে হাতাহাতির কারণে তাঁর মৃত্যুর কথা জানিয়েছেন। প্রথমে তাঁরা ময়নাতদন্ত করতে না চাইলেও পরে রাজি হন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, শিশিরের চোখের নিচে, বুকে ও পিঠে নখের আঁচড়ে চামড়া উঠে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে বড় ধরনের কোনো আঘাত বা জখম দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জমি নিয়ে পারিবারিক বিরোধে একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জহিরুল আলম বিপুল মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।