১৩ নভেম্বর, ২০২৬
২০১৮ সালের কেপ টাউন টেস্টের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে উসমান খাজা সম্প্রতি যে দাবি তুলেছেন, তার সমর্থনে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। প্যাট কামিন্স খাজার দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন’ বলে উড়িয়ে দেওয়ার পর ওয়ার্নার তার এই অবস্থানকে প্রকাশ্যে সমালোচনা করে জানিয়েছেন, অধিনায়ক কামিন্স সতীর্থ খাজাকে ‘বাসের নিচে ফেলে দিয়েছেন’।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পার্থে অনুষ্ঠিত প্রথম ওয়ানডের সাইডলাইনে ‘ফক্স স্পোর্টস’-এর সাথে আলাপকালে ওয়ার্নার বলেন, "আমি এখনো উজ এবং সে বইয়ে যা লিখেছে তার পক্ষেই আছি, কারণ সেটিই সত্য এবং আমি তাকে সত্যিই খুব সমর্থন করি। বর্তমান পরিস্থিতিতে আমার তার জন্য খারাপ লাগছে। আজ আমার মনে হয়েছে অধিনায়ক খাজাকে বাসের নিচে ফেলে দিয়েছেন, এবং আমি এ বিষয়ে অত্যন্ত হতাশ।"
উল্লেখ্য, ২০১৮ সালের নিউল্যান্ডস টেস্টে ক্যামেরুন ব্যানক্রফট বল বিকৃত করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ার পর যে তিন জন খেলোয়াড় নিষিদ্ধ হয়েছিলেন, তাঁদের মধ্যে ডেভিড ওয়ার্নার অন্যতম। কামিন্সের ওই বক্তব্যের পর ওয়ার্নার স্মরণ করিয়ে দেন যে, স্টিভ স্মিথ, ক্যামেরুন ব্যানক্রফট এবং তিনি নিজে এই ঘটনায় সবচেয়ে বড় মূল্য পরিশোধ করেছেন।
ওয়ার্নার আরও বলেন, "আমাদের তিনজনকেই এই ঘটনার জন্য চড়া মূল্য দিতে হয়েছে। গত আট বছর ধরে আমি এ নিয়ে একটি কথাও বলিনি, কিন্তু দিনের শেষে আমাদের প্রতিদিন এর পরিণতি নিয়ে বেঁচে থাকতে হবে। আমাদের আজীবন শাস্তি দেওয়া হয়েছে। অন্যেরা যখন দাবি করে যে তারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন আমাদের জন্য এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না- আমরা, স্টিভ এবং ক্যাম, যাদের প্রতিদিন মাঠে নেমে অপমান সহ্য করতে হয়।"
তিনি আরও যোগ করেন, "হ্যাঁ, আমরা তা মেনে নিয়েছিলাম, কিন্তু দিনশেষে আমার স্ত্রী এবং আমি সবচেয়ে বড় মূল্য দিয়েছি। সেই সময়ে আমরা আমাদের একটি সন্তান হারিয়েছি। আর ঠিক সে কারণেই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আঘাত করে, যতক্ষণ না সত্যটি মেনে নেওয়া হচ্ছে।"
উসমান খাজার দাবির পক্ষে ওয়ার্নার অবস্থান নিলেও মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ তাদের আগের অবস্থানেই অনড় রয়েছেন। তবে স্টিভ স্মিথ এবং ক্যামেরুন ব্যানক্রফট এখনো এ বিষয়ে জনসমক্ষে কোনো মন্তব্য করেননি।