☰
✕

ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নেই, যাত্রীদের দুর্ভোগ

১৪ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী ছাউনি না থাকায় রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। প্রায় ৩৫০ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের তীব্র রোদে দাঁড়িয়ে থাকতে হয়। আবার বৃষ্টি শুরু হলে আশ্রয়ের খোঁজে ছুটতে হয় এদিক-সেদিক। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিশু, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, তীব্র রোদে ছায়ার ব্যবস্থা না থাকায় দীর্ঘসময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। প্রচণ্ড গরমে প্ল্যাটফর্মে অবস্থান করাও কষ্টকর হয়ে ওঠে। অন্যদিকে বৃষ্টি শুরু হলে কাপড়, ব্যাগ, কাগজপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যায়। তখন কেউ টিকিট কাউন্টারের দিকে, কেউ দোকানের নিচে, আবার কেউ ১ নম্বর প্ল্যাটফর্মে আশ্রয় নেন।

কিন্তু ট্রেনের ঘোষণা এলেই আবার ছুটতে হয় ২ নম্বর প্ল্যাটফর্মে। কারণ, ট্রেন ক্রসিংয়ের সময় বিপরীত দিকের ট্রেনটি এ প্ল্যাটফর্মে দাঁড়ায়। ট্রেন আসার পর প্ল্যাটফর্মে গিয়ে ওঠার সুযোগ না থাকায় যাত্রীদের ২০ থেকে ৩০ মিনিট আগেই সেখানে গিয়ে অপেক্ষা করতে হয়। ফলে বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদের মধ্যে শিশু ও অসুস্থ স্বজনদের নিয়ে যাত্রীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হয়।

রেলওয়ে সূত্র ও স্থানীয়দের তথ্যমতে, ফুলবাড়ী স্টেশন দিয়ে প্রতিদিন আপ-ডাউন মিলিয়ে ২২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হাজার যাত্রী এ স্টেশন ব্যবহার করেন। ট্রেন ক্রসিংয়ের কারণে সপ্তাহে গড়ে অন্তত ৩০ বার ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায়। এ সময় প্ল্যাটফর্মটিতে যাত্রীদের চাপও বেড়ে যায়। ভিড়ের মধ্যে বৃষ্টির পানি মাড়িয়ে কিংবা প্রচণ্ড গরমে দ্রুত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

স্থানীয় বাসিন্দা মুকুল বলেন, যে প্ল্যাটফর্মে প্রতিদিন শত শত মানুষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন, সেখানে যাত্রী ছাউনি নেই—এটা কেমন সেবা? বৃষ্টি হলেই যাত্রীদের ছোটাছুটি করতে হয়। আবার রোদের সময়ও ছায়ার জন্য এদিক-সেদিক ছুটতে হয়। অসুস্থ রোগী, প্রতিবন্ধী, বয়স্ক ও শিশুদের নিয়ে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। তাই দ্রুত এখানে যাত্রী ছাউনি নির্মাণ করা প্রয়োজন।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মে জায়গার সংকট থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে যাত্রীরা প্রায়ই অভিযোগ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।