☰
✕

ফ্যসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবো না: জামায়াত আমির

১৫ নভেম্বর, ২০২৬

ফ্যসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

শনিবার (১৪ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহাকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে বিশেষ অতথির বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার।

ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বার বার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬ জুলাই ঘটিয়েছে। ১৪০০ যুবক-যুবতীর রক্তের বিনিময়ে আমরা এটি পেয়েছি। আন্দোলনকারীরা পুরো রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিল। তারা সব ক্ষেত্রে ন্যায়বিচার চেয়েছিল। মানুষের মৌলিক অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে আচরণ করবে- তারা সেটি চেয়েছিল।